লঙ্কা সিরিজেই বিশ্বকাপের দল গোছাতে চান শান্ত

বাংলাদেশের জার্সি গায়ে অধিনায়কত্বের স্বাদ আগেই পেয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে সিরিজ জিতেছে টাইগাররা। কুলিন সংস্করণ টেস্টও জয় করে ফেলেছে। এমনকি বিশ্বকাপেও টস করতে নেমেছিলেন তিনি। তবে এসবই ছিল ভারপ্রাপ্ত দায়িত্ব। অবশেষে পূর্ণ অধিনায়ক হয়েছেন গত মাসে। ভারমুক্ত হয়ে আগামীকাল প্রথমবার খেলতে নামছেন আন্তর্জাতিক সিরিজ। যে সিরিজে বিপিএল মাতানো ক্রিকেটারদের বড় আশা শান্তর কণ্ঠে।

বিপিএল শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল সন্ধ্যা ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই সিরিজ দিয়েই পূর্ণ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে তার।

আজ করলেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন। তিন ফরম্যাটে ভালো করতে যেভাবে পরিকল্পনা করছেন শান্ত, ‘আগে যে অবস্থায় ছিলাম তার থেকে ভালো ক্রিকেট খেলা শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চাই যে, হোমে যে ম্যাচগুলো হবে ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি। টেস্ট খেলার যে গুরুত্বটা, এটা যেন সবার মধ্যে আরও বিল্ডআপ হোক। আমরা যখন বাইরে যাবো সেখানে যেন লড়াই করতে পারি। ওয়ানডেতে আমরা মাশাল্লাহ ভালো করতেছি। কিন্তু দল হিসাবে বড় কোনো টুর্নামেন্ট আমরা পায় নাই। সেই প্ল্যান নিয়েই আগাবো দেশের হয়ে যেন ট্রফি নিয়ে আসতে পারি। আর টি-টোয়েন্টিতে শেষ বছরটা খুব ভালো গেছে। আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, আরও ভালো করলে সামনের দিকে যেকোনো টিমের বিপক্ষে ভালো খেলতে পারব।’

শ্রীলঙ্কার বিপক্ষে কাল থেকে শুরু হওয়া সিরিজ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ। জেতার জন্য যা যা করার দরকার অবশ্যই সেটা করা উচিত। আর শ্রীলঙ্কার সাথে বাইরের বিষয় নিয়ে চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে।’

অধিনায়ক শান্ত নিজেকে নিয়ে আলাদাভাবে চিন্তা করছেন না। তার বক্তব্য পরিষ্কার, দলের সবাইকে যার-যার কাজ ঠিকভাবে করতে হবে, ‘আলাদাভাবে চিন্তা করছি না, আমি ক্যাপ্টেন আমাকে অনেক কিছু করতে হবে। দলের সবাইকেই যার যার কাজটা ঠিকভাবে করতে হবে। তাহলে আমার জন্য সহজ হবে।’

বিশ্বকাপের আগে এখান থেকেই দল গোছাতে চান শান্ত। এখানে ভালোভাবে প্ল্যান করলে বিশ্বকাপে সহজ হবে। সিরিজ জয়ের ব্যাপারে বিশ্বাস আছে শান্তর। বিপিএল মাতিয়ে আসা এই দল নিয়ে শান্তর কণ্ঠে ছিল উচ্ছ্বাসও, ‘এখানে যারা আছে সবাই ভালো অবস্থানে আছে, আশা করি সবাই ভালো করবে এই সিরিজে। আমাদের টিমে যে ৫-৬টা বোলার আছে, সবাই অভিজ্ঞ ও দক্ষ। আমার মনে হয় তারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।’