জামিনের পর দোয়া চাইলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন।

আজ রবিবার (৩ মার্চ) ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন। তবে কতদিনের জন্য জামিন দেওয়া হয়েছে সেটি এখনো উল্লেখ করা হয়নি। পরে জানানো হবে বলে জানিয়েছেন বিচারক। 

জামিনের পর ড. ইউনূস বলেন, 'আমরা সবাই চাই দেশের মঙ্গল হোক। দেশের কাজে সবাই নিয়োজিত থাকতে চাই। নানারকমের আইনগত বিষয়ে সময় আমাদের দিতে হয়, এতে আমাদের ক্ষতি, সবারই ক্ষতি। তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক, এরমধ্যে শান্তিতে আমরা যেন কাজ করতে পারি, এটিই আমাদের চাওয়া।'

ড. ইউনূস বলেন, 'আমি আশা করব, আমি ন্যায়বিচার পাবো। দেশের বিচার ব্যবস্থা থেকে ন্যায়বিচার পাবো, এটিই দেশের একজন নাগরিকের ইচ্ছা।

তিনি আরও বলেন, 'আমার জন্য দোয়া করবেন। দেশ শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকি।'

এই মামলায় গত ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ড. ইউনূসসহ চারজনকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।