তিন খানকে এক করলেন আম্বানিরা, এক মঞ্চে নাচলেন শাহরুখ-সালমান-আমির

শনিবারের রাত, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের ২য় দিন। ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিলেন বলিউডের তিন খান। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ এর ‘নাটু নাটু’ গানের তালে নাচলেন শাহরুখ, সালমান ও আমির খান।

এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। তাদের দুজনের পরনেই ছিল আফগানি স্টাইলের কালো পাজামা ও কুর্তা। তবে তাদের থেকে একটু ‘হটকে’ আমির পরেছিলেন সবুজ কুর্তা। নাচের পর আবার আমিরের পিঠ চাপড়ে দিলেন শাহরুখ। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও সত্যিই বিরল বৈকি। বলিউডের বিনোদন দুনিয়ায় তৈরি হল নতুন ইতিহাস।

তবে এখানেই শেষ নয়, ‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, তারপর আমির, পরে শাহরুখ যে যার নিজস্ব স্টাইলে নাচলেন। আর যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাকে অনুসরণ করলেন। সোশ্যালে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। ভিডিওতে সালমান, আমির এবং শাহরুখকে 'ছাইয়া ছাইয়া', 'মুজসে শাদি করোগি' থেকে টাওয়াল ডান্স, 'জিনে কে হ্যায় চার দিন' আর 'রং দে বাসন্তি'-এর 'মাস্তি কি পাঠশালা'-গানের স্টেপে নাচতে দেখা যায়।

শাহরুখ, সলমান এবং আমির ছাড়াও বলিউডের আরও বেশ কয়েকজন তারকাকেও দেখা গেছে এই অনুষ্ঠানে। এদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর। রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

এদিকে আবার এমএস ধোনি, রোহিত শর্মা এবং শচীন টেন্ডুলকারের মতো বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরাও এই উদযাপনে যোগ দিতে পৌঁছেছিলেন। তিনদিন ব্য়পী অনুষ্ঠানের প্রথম দিনে পারফর্ম করেন রিহানার মতো আন্তর্জাতিক তারকা। আজ, ৩ মার্চ, রবিবার নতুন কী চমক থাকছে, এখন সেটাই দেখার।