জামালপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে তিনটি হাসপাতালকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় একটি হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ পৌর শহরের তমালতলা মোড় ও সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি ১০ দফা নির্দেশনা না মানায় তমালতলা মোড়ের ইউরোপা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়। পরে সদর উপজেলার রানাগাছ ইউনিয়নের নান্দিনা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নান্দিনা ডায়াগনস্টিক সেন্টারে নির্দেশনা লঙ্ঘন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ৭০ হাজার টাকা এবং লিখন ডায়াগনস্টিক সেন্টারে অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।