'ভয়ংকর' ক্রিকেটাররা 'রোমাঞ্চকর' সিরিজ খেলবে

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি মানেই টানটান উত্তেজনা। দর্শকদের উন্মাদনাও থাকে চোখে পড়ার মতো। গত বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের 'টাইমড আউট' আলোচনা সমালোচনা চলছে এখনও। এবার বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে লঙ্কানরা। কাল সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

লঙ্কান দলের কোচ ক্রিস সিলভারউড মনে করেন লড়াই হবে তীব্র, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে।’

দুই দলেই ভয়ংকর ক্রিকেটার আছে বলে মনে করেন সিলভারউড, ‘প্রত্যেক দলই এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরাও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যেটা বললাম, খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই আছে কয়েকজন ভয়ংকর ক্রিকেটার। তাই দারুণ উপভোগ্য ক্রিকেট হবে।’ 

এই সিরিজে ফেভারিট কে, এমন প্রশ্নের জবাবে লঙ্কার এই কোচ এগিয়ে রাখলেন নিজের দলকেই, ‘আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’ 

সিলভারউড নিজ দলের লক্ষ্যের কথাও স্পষ্ট করে দিয়েছেন, ‘আমরা আমাদের শক্তির দিকে নজর রাখছি, নিজেদের পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছি। টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি, সেই ধারাবাহিকতাটাই রাখতে চাই। একটি দল হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। বিশ্বকাপের আগে আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট প্রতিষ্ঠিত করতে চাই। আমরা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মতোই খেলতে চাই।’