ফরিদপুরে এসকেন হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন

ফরিদপুরের আলোচিত এসকেন সরদার (৬৫) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩ মার্চ) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া পাঁচ আসামির প্রত্যেককেই ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বিশা ওরফে বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ওরফে সাধু ফরাজি, মো. বিকুল সরদার  ও রুবেল মাতুব্বর।

মামলার অপর তিন আসামি ফরিদ মাতুব্বর, এসকেন ব্যাপারী ও ফয়সাল খান ওরফে হিমেলকে বেকসুর খালাস প্রদান করা হয়। জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুরের সালথা উপজেলার দক্ষিণ আটঘর ইউনিয়নের বাসিন্দা এসকেন সরদারকে ২০১৬ সালের ২০ ডিসেম্বর রাতে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। পরদিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে ইয়াছিন সরদার বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আজ রবিবার এ রায় প্রদান করা হলো।