ছাত্রীর মুখে এসিড ছুড়ে কারাগারে শিক্ষক

পাকিস্তানের করাচিতে উত্তপ্ত বাকবিতণ্ডার জেরে ছাত্রীর মুখে এসিড ছুড়েছেন এক শিক্ষক। সম্প্রতি নিপা চৌরঙ্গী এলাকার একটি আইটি সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক ইফতিখারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজের।

প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষকের ছোড়া এসিডে ওই ছাত্রী ও তার দুই চাচা দগ্ধ হন। তাদের সিভিল হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরদিকে এ ঘটনায় ভুক্তভোগীর মামা আজিজ ভাট্টি থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, তার ভাগনি একটি কোচিং সেন্টারে আইটি সার্টিফিকেট নিতে গিয়েছিল। সে সময় অভিযুক্ত ইফতিখার ও আরশাদ নামে এক ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর ভুক্তভোগী বাড়ি ফিরে চাচাদের কাছে অভিযোগ করে। পরে দুই চাচাকে নিয়ে আবারও ওই কোচিং সেন্টারে গেলে অভিযুক্তরা ক্ষেপে যায়। একপর্যায়ে তারা পকেট থেকে অ্যাসিড বের করে ছাত্রী ও তার দুই চাচার দিকে ছুড়ে মারে।