বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলামিন খান নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রের সহকারী কেন্দ্র সচিবসহ দায়িত্বরত ২১ শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (৩ মার্চ) বেলা ১০টার দিকে ইংরেজি ১ম পত্র পরীক্ষা শুরুর পরপরই পেলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসা উপকেন্দ্রে প্রশ্ন ফাঁসের এ ঘটনা ঘটে। যা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ধরা পড়ে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ‘আলামিন খান নামে বহিরাগত এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রশ্ন ফাঁসের সাথে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের হাত রয়েছে এমন সন্দেহে সহকারী কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সোবাহানসহ দায়িত্বরত ২১ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।’
কেন্দ্র সচিব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘মোবাইল ফোনে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে আলামিন খানকে আটক করা হয়েছে। কয়েকজন শিক্ষকও এ ঘটনায় জড়িয়ে যেতে পারেন। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’