রাজধানীর গুলশানের একটি ভবন থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল গিল সেরানো আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। গতকাল রবিবার দুপুরের দিকে গুলশানের পিংক সিটির বিপরীতের একটি ভবনে এ ঘটনা ঘটেছে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বলেন, ‘দুপুরের দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয় পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ পুলিশ জানিয়েছে, ইসমাইল গিল সেরানো মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে তিনি মানুষজনকে বিনা কারণে মারধর করেছেন। তার এসব ঘটনার বিষয়ে অনেকে ৯৯৯-এর মাধ্যমে ফোন করে অভিযোগও জানিয়েছিল।