দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের সেই বিল্ডিংয়ে অভিযান

নারায়ণগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিঝুকির মধ্যে রেস্তোরাঁয় পরিচালনা করায় স্থাপনাটিতে অভিযান চালিয়ে সতর্ক করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস।

রবিবার (৩ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার প্যারাডাইজ ভবন, এম ডি স্কয়ার, মনির টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। এসব ভবনে কাচ্চি ভাই, সুলতানস ডাইন, ডাইনিং লাউঞ্জ, কেএফসি, খানাস, দাওয়াত ই মেজবান, দ্যা রুফটপ, পিজ্জাবার্গ, চিলোক্সের মতো নামীদামী খাবারের দোকানগুলো রয়েছে।

এর আগে রবিবার দৈনিক দেশ রূপান্তরে ‘নারায়ণগঞ্জে এক বিল্ডিং এ ১০টি রেস্টুরেন্ট’ শীর্ষক সংবাদে চাষারা বালুরমাঠে এম ডি স্কয়ার বিল্ডিং এ ১০টি রেস্টুরেন্টসহ অন্যান্য ভবনে ঝুকিপূর্ণ রেস্টুরেন্ট নিয়ে সংবাদ প্রকাশ হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিটি ভবনে গিয়ে সেখানে দেখা গেছে কোথাও কোথাও অগ্নি নির্বাপণ যন্ত্র নেই, যেখানে আছে সেগুলোও মেয়াদোত্তীর্ণ, অনেক রেস্টুরেন্টে রান্না ঘরে গাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে, কয়েকটি ভবনে নেই জরুরি বহির্গমন ব্যবস্থা (ইমার্জেন্সি এক্সিট)। এসব ভবন প্রত্যক্ষ করে দ্রুত সময়ে সমাধান করতে সতর্ক করা হয় মালিকদের। এ সময় খাবারের ভেজাল ও মান পরীক্ষা করেও সতর্ক করা হয়।

অভিযানে অংশ নেয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী জানান, আমরা বলেছি যেন দ্রুত অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবস্থা করা হয় এবং ফায়ার সার্ভিসের লোকজন এখানে আছে তাদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে এটি ব্যবস্থা করতে হবে। অনেক রেস্টুরেন্টে রান্না ঘরে গাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। আমরা বলেছি যেন নিচে এবং নিরাপদ দূরত্বে গ্যাস সিলিন্ডার রেখে ব্যবহার করা হয় এবং এ ব্যাপারে আমরা জোর দিয়েছি। কয়েকটি ভবনে নেই জরুরি বহির্গমন ব্যবস্থা (ইমার্জেন্সি এক্সিট) সেটিও দ্রুত কিভাবে করা যায় সে ব্যাপারেও দিক নির্দেশনা দিয়ে করতে বলা হয়েছে।

তিনি বলেন, আমরা খাবারের মান ও বিভিন্ন দিক পর্যবেক্ষন পরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক করেছি।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, আমরা ঢাকার ঘটনার পর উদ্বিগ্ন। আমরা নাসিকের সহায়তায় এখানে অভিযান পরিচালনা করছি। যেসব সমস্যা আছে সেগুলো যেন দ্রুত সমন্বয় করে সমাধান করে নেয়া হয় সেজন্য আমরা সতর্ক করে সময় দিয়েছি।

অভিযানে নগর পরিকল্পনাবিদ মঈনুলের নেতৃত্বে, সিটি করপোরেশন স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন, সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউর রহমান, প্রধান বর্জ্য ব্যবশাপনা কর্মকর্তা আলমগীর হীরন, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।