যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এক অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার ক্যালিফোর্নিয়ার কিং সিটির একটি আবাসিক ভবনে অনুষ্ঠান চলাকালে গোলাগুলির এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে কিং সিটির একটি আবাসিক ভবনে পার্টি চলছিল, সে সময় অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে অন্তত তিনজন পুরুষ গুরুতর আহত হন। পরে তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
এছাড়া একজন নারীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া পর তাকে মৃত ঘোষণা করা হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে কিং সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানায়, গোলাগুলিতে আহত আরও তিনজন পুরুষকে চিকিৎসার জন্য সেলিনাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ বলছে, অজ্ঞাত তিন বন্দুকধারী ব্যক্তি একটি গাড়ি থেকে বের হয়েই আবাসিক ভবনে অনুষ্ঠিত ওই পার্টিতে উপস্থিত মানুষের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে করে এই হতাহতের ঘটনা ঘটে।
কিং সিটির ওই আবাসিক ভবনের সামনে গুলির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।