মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর কালীগঙ্গা নদী থেকে সামিয়া ইসলাম (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার কালীগঙ্গা নদীর পাড়ে কুশেরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সামিয়া ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সামিয়া মানিকগঞ্জ এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে কোচিং করার জন্য বাসা থেকে বের হয় সামিয়া। সেদিন বিকেল ৫টার দিকে নদীর পাড়ে একটি স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখে এক মহিলা। ব্যাগের ভেতরে থাকা একটি নম্বারে ফোন দিলে সামিয়ার বাবা রিসিভ করেন। পরে তাকে জানান, যে ব্যাগটি পাওয়া গেছে নদীর পাড়ে। খবর পেয়ে সামিয়ার বাবা নদীর পাড়ে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে সেখানকার একটি রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পাওয়া সামিয়া ৩টা ১৬ মিনিটের দিকে চর বেউথা নদীর পাশ দিয়ে একাই হেটে যাচ্ছিল। শনিবার সকালে বেউথা কালীগঙ্গা নদীতে স্থানীয় এক লোক গোসল করতে এসে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে নিহত সামিয়ার বাবা সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় একটি মিসিং ডায়রি করেছিলেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষ হবার পর মূল ঘটনা জানা যাবেও বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।