জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমসের উপকমিশনার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৪ মার্চ) দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেছেন।
মামলার আসামি হলেন, বিল্লাল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। বিল্লাল হোসেন বর্তমানে রংপুর কাস্টমস হাউজে এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস মহাখালী ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটে কর্মরত রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সম্পদের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী জারি করা হয়। পরে তিনি ২০২০ সালে ২৭ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে উপকমিশনার বিল্লাল হোসেনের নামে ৫১ লাখ ৩৮ হাজার ৮১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পায় অনুসন্ধানকারী কর্মকর্তা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে বিল্লাল হোসেনের নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, সম্পদ বিবরণী যাচাইকালে বিল্লাল হোসেনের স্ত্রী চিকিৎসক জান্নাতুল ফেরদৌসের নামে ৫৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি ১৩ লাখ এক হাজার ৮৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পায় অনুসন্ধানকারী কর্মকর্তা। ওই সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিল্লাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপর মামলাটি দায়ের করা হয়।
দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। তিনি আরও অধিকতর তদন্ত করবেন।