দ.কোরিয়ার চিপ কোম্পানিগুলোকে হ্যাক করছে উ.কোরিয়া

উত্তর কোরিয়ার হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার চিপ সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিগুলোকে হ্যাক করছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল দেশটির আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ করতে উত্তর কোরিয়া সাইবার হামলা করতে পারে শঙ্কা প্রকাশের এক মাস পর এই অভিযোগ করল দেশটির গোয়েন্দা বিভাগ।

এর আগে গত বছর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের এক সহযোগীর ইমেইল হ্যাক করেছিল উত্তর কোরিয়া।

এক বিবৃতিতে এনআইএস জানায়, "আমাদের ধারণা নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়া তাদের নিজস্ব চিপ বা সেমিকন্ডাক্টর তৈরি করার প্রস্তুতি নিচ্ছে’।

বিবৃতিতে আরও বলা হয়, পিয়ংইয়ং এর স্যাটেলাইট এবং ক্ষেপণাস্ত্রসহ তার অস্ত্র তৈরির ক্ষেত্রে চিপের প্রয়োজন হতে পারে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাটির বিশ্বাস, উত্তর কোরিয়া ডিসেম্বর এবং ফেব্রুয়ারিতে দুটি চিপ কোম্পানির সার্ভারে প্রবেশ করে তাদের পণ্যের নকশা এবং ছবি চুরি করেছে। তবে সংস্থাটি হ্যাক হওয়া কোম্পানিগুলোর নাম বা কি তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এনআইএস দেশটিতে চিপ তৈরির অন্যান্য কোম্পানিগুলোকে সাইবার আক্রমণের বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো গত বছরের শেষ দিক থেকে উত্তর কোরিয়ার হ্যাকারদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে বলে জানিয়েছে এনআইএস।

এছাড়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অর্থায়নের জন্য ক্রিপ্টোকারেন্সি হ্যাকিং এর মাধ্যমে অর্থ চুরি করার জন্যও দায়ী করেছে দেশটিকে। দক্ষিণ কোরিয়ার ধারণা ২০১৬ সাল থেকে উত্তর কোরিয়া ৩০০ কোটি ডলার হ্যাকিং এর মাধ্যমে চুরি করেছে।

তবে শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার এসব অভিযোগ অস্বীকার করে আসছে পিয়ংইয়ং।