অনন্ত আম্বানি এবং তার বাগ্দত্তা রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহের উদ্যাপন শেষ। একে একে ফিরছেন অতিথি-অভ্যাগতরা। নাচে-গানে, হইহুল্লোড়ে, আনন্দে এই তিন দিনের উৎসবে মেতে উঠেছিল জামনগর। দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত তো ছিলেনই, সেই সঙ্গে গোটা বলিউড উপস্থিত ছিল। আম্বানিদের বাড়ির যেকোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকে বলিউড তারকারা। তারকাদের উপস্থিতিতে আর ঝলমলে হয়ে উঠে উদ্যাপন।
মুকেশ-নীতার ছোট ছেলের প্রাক্-বিবাহের উদ্যাপনেও উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতারা। আম্বানিদের অনুষ্ঠান মঞ্চে বলিউডের তিন খান শাহরুখ, সালমান, আমিরকে নাচতে দেখা গেছে। এই তিন খানের নাচের ভিডিও রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমে। তবে শাহরুখ, সালমানরা শুধুমাত্র আম্বানিদের মুখের কথায় নেচেছেন এমন নয়। পারিশ্রমিকও পেয়েছেন তারা।
এমনিতে অভিজাত বিয়ের অনুষ্ঠানে তারকারা পারফরম্যান্স করেই থাকেন। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি রুপি পেয়েছিলেন তিনি। ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রুপি আয় করেছিলেন। কিন্তু অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্যাপনে নাচের তালে কোমর দোলাতে কত টাকা নিয়েছেন শাহরুখ?
সূত্রের খবর, আম্বানি অনুষ্ঠানে নাচতে শাহরুখ প্রায় ২-৩ কোটি রুপি নিয়েছেন। আলিয়া ভাট পেয়েছেন প্রায় ১.৫ কোটি রুপি।