আসন্ন হজে জেদ্দা ও মদিনায় আগত বাংলাদেশী হজ যাত্রীদের দ্রুত আবাসস্থলে প্রেরণ, হাজীদের মালামাল সময় মত পৌঁছে দেওয়াসহ চলাচল নির্ভীঘ্ন করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা রিজওন এর উদ্যোগে জেদ্দা রিজিওনাল অফিসে সমন্বয় সভায় হজ যাত্রীদের সেবায় সংশ্লিষ্ট এয়ারপোর্ট অফিস, গ্রাউন্ড সার্ভিস এর কর্মকর্তারা ছিলেন।
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফিন্যান্স ম্যানেজার এস এম মোসাদ্দেক হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার ওমর ফারুক, অপারেশন ম্যানেজার মোজাম্মেল হক, এসিস্ট্যান্ট ম্যানেজার আনিসুর রহমান, আমিরুল ইসলাম, রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, সাংবাদিক হানিছ সরকারসহ অন্যরা।
সমন্বয় সভায় জেদ্দার রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার আল্লাহর মেহমানদের যাত্রা স্বাচ্ছন্দ্য করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন। এক্ষেত্রে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।
সভায় বদলিজনিত কারণে সদ্য বিদায়ী স্টেশন ম্যানেজার ওমর ফারুককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।