আসন্ন রমজানে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করা করলেও ৭ মার্চ থেকে মাদরাসায় ছুটি শুরুর কথা ছিল। তবে মাদরাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার।
এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী—২১ মার্চ পর্যন্ত মাদরাসায় ক্লাস-পরীক্ষা চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের কপি যুক্ত করে অফিস আদেশ জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরও।
মঙ্গলবার (৫ মার্চ) প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাসমূহের জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসাইনের সই করা আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত সব মাদরাসায় শ্রেণি কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।