‘ডন ৩’ তে চড়া পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা! 

বিয়ের পর থেকেই যেন কিয়ারা আদবাণীর বৃহস্পতি তুঙ্গে। একের পর এক ছবি হিট।  আর তাই এখন অহংকারে মাটিতে পা পড়ছে না সিদ্ধার্থ মালহোত্রা ঘরনির। প্রিয়াঙ্কা, দীপিকাকে পেছনে ফেলে ‘ডন ৩’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিয়ারা। চুক্তিবদ্ধ হয়েই চড়া পারিশ্রমিক হাঁকালেন।

সূত্র বলছে, ‘ডন ৩’ সিনেমার জন্য কিয়ারা ফারহান আখতারের কাছ থেকে নিচ্ছেন ১৩ কোটি রুপি! শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’ সিনেমার পারিশ্রমিক থেকেও নাকি বেশি চেয়েছেন ‘ডন’-এ অভিনয়ের জন্য।

ফারহান আখতারের পরিচালিত ‘ডন ৩’ সিনেমাকে ঘিরে চর্চার অন্ত নেই। নিত্যদিন নিত্যনতুন আপডেট আসছে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের ডন সিনেমাতে নাকি আগের দুই সিনেমার থেকে আরও বড় চমক থাকতে চলেছে। আপাতত সিনেমার কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।

২০২৩ সালের আগস্টে ফার্স্ট লুকে ‘ডন’ লুকে দেখা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণ। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্ত দর্শকরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছিল নেটপাড়ায়। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ ছিল, ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে।