পবিত্র কাবা চত্বরে শুধুমাত্র ওমরাহ পালনকারীরাই প্রবেশ করতে পারবে বলে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তারা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, যেসব মুসল্লি কাবায় নামাজ আদায় করতে চান তাদের নির্দিষ্ট স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থা। পবিত্র রমজান মাসের ঠিক আগেই এ ঘোষণা দেওয়া হলো। সাধারণত বছরের অন্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালন করে থাকেন। আরবি বছরের নবম মাস হলো রমজান। এ বছর সৌদিতে ১১ মার্চ থেকে তাৎপর্যপূর্ণ এ মাসটি শুরু হতে পারে।
বিদেশি মুসল্লিদের ওমরাহ পালনের সুবিধার্থে সম্প্রতি বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে সৌদি সরকার। ভিসা প্রক্রিয়াও সহজ করেছে দেশটি। এখন ব্যক্তিগত ভিসা, টুরিস্ট ভিসাধারীরাও ওমরাহ পালনের সুযোগ পেয়ে থাকেন। এছাড়া মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারকেও যাওয়ার সুযোগ পান তারা।
বর্তমানে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি। এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার যে বাধ্যবাধকতা ছিল; সেটিও তুলে দিয়েছে।