আমি কওমি মাদ্রাসা বন্ধের কথা বলিনি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তা বন্ধ করার কোনো কথা আমি বলিনি। আমরা কওমি মাদ্রাসা বোর্ডগুলোর সঙ্গে কাজ করতে চাই। কারণ কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীরা কর্মসংস্থান চায়।’ গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেছেন শিক্ষামন্ত্রী।

গত রবিবার থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সম্পর্কিত কার্যঅধিবেশন শেষে কওমি মাদ্রাসা নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। এরপর সোমবার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কওমি ও নুরানি মাদ্রাসা বন্ধ করার চক্রান্তে অভিযোগ তোলেন বিভিন্ন ইসলামি দল ও সংগঠনের নেতারা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।  

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, একটি জেলা থেকে একটি আলোচনা এসেছিল, অনিবন্ধিত, নাম-পরিচয়হীন নুরানি মাদ্রাসার নামে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে। সেগুলো নিবন্ধনের প্রক্রিয়া কী? সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, যেসব নুরানি মাদ্রাসা গড়ে উঠছে, সেগুলোর যথাযথ নিবন্ধন আছে কি না? অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।