সাংবাদিকদের মঈন খান

আজকে যে সংসদ সেটা নাট্যশালায় পরিণত হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রহসন, নাটক ও সার্কাস বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আজকে যে সংসদ, সেটা একটা নাট্যশালায় পরিণত হয়েছে। সুতরাং সরকার যে পথে হাঁটছে, সেটা সঠিক পথ নয়।’

গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর পল্লবীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘সরকার যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের সামনে একটি পথ খোলা আছে সেটা হলো এই ক্ষমতা ছেড়ে দিয়ে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা করুক। এটাই আমরা চাই।’

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও সমমনা দলগুলো। এসব দল দুই বছরে বেশি সময় ধরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে আন্দোলন করে আসছে।

‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন প্রতিনিধিদলের কাছে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ড. মঈন বলেন, ‘মহাসচিব একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। কোনো নীতিবান লোক একজন সিনিয়র সিটিজেন সম্পর্কে এ ধরনের কথা বলতে পারেন, এটা আমি বিশ্বাস করি না যে কারও কাছে গ্রহণযোগ্য হবে।’

তিনি বলেন, ‘বিদেশিদের সঙ্গে কে কথা বলে না? আমরা তো দেখেছি, সরকারও বিদেশে গিয়ে সহযোগিতা চেয়েছে এবং বন্ধুত্ব করতে চায়। আমরা পত্রিকা দেখেছি। সরকার নিজেই প্রকাশ্যে বলেছে।’