আত্মসমর্পণের পর বিএনপি নেতা হাফিজ কারাগারে

গুলশান থানায় করা নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আপিলের শর্তে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গত বছরের ২৮ ডিসেম্বর হাফিজসহ তিনজনকে এ মামলায় ২১ মাস করে কারাদন্ড দেয় একই আদালত। বয়স ও সামাজিক অবস্থান বিবেচনায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় তাদের দেড় বছর ও তিন মাসের দণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও পাঁচজনকে দণ্ডবিধির পৃথক দুই ধারায় ৪২ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১১ আসামিকে বেকসুর খালাস দেয় আদালত।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১১ সালের ৪ জুন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশান থানার মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা এবং আক্রমণ করেন আসামিরা।