একের পর এক অভিযান চলছে রাজধানীর রেস্তোঁরাগুলোতে। অভিযানের ভয়ে অনেক মালিক ‘রেস্টুরেন্ট সাময়িক বন্ধ’ নোটিশ টাঙিয়ে দিয়েছেন। তবে আজ বুধবার গুলশান-২ নম্বরের ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।
অভিযানের খবর পেয়ে রেস্তোরাঁর বাথরুমে লুকিয়া রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। কর্তৃপক্ষের দাবি, রেস্তারাঁর অন্য জায়গায় সিলিন্ডার রাখার জায়গা না থাকায় বাথরুমে রাখা হয়েছে।
বুধবার (৬ মার্চ) গুলশান এবং বনানী এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে অভিযান চালায় ডিএনসিসি। এ সময় অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলশান-২ নম্বরের কাচ্চি ভাই রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন এ আদালত পরিচালনা করেন।
একই অভিযোগে ধানসিঁড়ি নামে আরেকটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় । এ ছাড়া সিঁড়ির সামনে মালামাল রাখায় সেভা হাউজ নামে একটি ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র না থাকায় কাচ্চি ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট ও পরিবেশের ছাড়পত্রসহ সব অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র প্রস্তুত না হয়, তাহলে কাচ্চি ভাই সিলগালা করা হবে।
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। এ ঘটনার পর থেকে বিভিন্ন ভবন, রেস্তোঁরায় অভিযান চালাচ্ছে বিভিন্ন সংস্থা।