ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিত তরিকুল ইসলাম ওই উপজেলার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র রয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি।
নির্যাতিতা পরিবারকে বিষয়টি জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই মামলার আসামি তরিকুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ের আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।