রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে মাঠের বাইরের এক ঘটনায় বড় ধাক্কা খেতে চলেছেন তিনি। মাদ্রিদের প্রাদেশিক প্রসিকিউটর অফিস তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলায় চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করেছে।
এই তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
তারা বলছে, রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪-১৫ মৌসুমে প্রথমবারের মতো ম্যানেজার হয়ে আসেন এই ইতালিয়ান কোচ। ওই সময়ে তার সম্পদের ১০ লাখ ৬২ হাজার ৭৯ ইউরো কর ফাঁকির অভিযোগ রয়েছে। একই মামলায় মাদ্রিদের প্রাদেশিক প্রসিকিউটর অফিস চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করেছে আনচেলত্তির বিরুদ্ধে।