লক্ষ্মীপুরের কমলনগরে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তোরাবগন্জ ইউনিয়নের চর লরেন্স এলাকার তোফায়েল মেম্বার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাতেমা বেগম ফেন্সি জানান, গতরাত আনুমানিক ৩টার দিকে বিল্ডিংয়ের দরজা ভেঙে ভিতরে ঢুকে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় তারা মা-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারি ভেঙে নগদ ৩ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও মূল্যবান কাপড়-চোপড়সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয়।
স্থানীয় মেম্বার তানিয়া আক্তার সুমি জানান, গতকাল রাতে ডাকাতদল তার ননদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৮ লাখ টাকা নগদ টাকা, স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘরে থাকা প্রবাসীর স্ত্রী ও মেয়ের হাত-পা, মুখ বেঁধে রেখে যায়। ডাকাত দলের সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান তিনি।
স্থানীয় মেম্বার আবু নুর জানান, সম্প্রতি উপজেলার প্রায় এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। গভীর রাতে ডাকাতদল মাইক্রোবাস নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করছে। তবে সাধারণ মানুষের অভিযোগ বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসে। জুয়ার আসর শেষ করে টার্গেট নিয়ে ডাকাতি করছে এমনটা মনে হচ্ছে। জুয়ার আসর বন্ধ ও প্রশাসনের টহল জোরদার হলে ডাকাতি কমতে পারে মনে করছি।
জানা গেছে, গত সপ্তাহে উপজেলার চর কাদিরায় মনির মাষ্টার বাড়িতে ডাকাতির ঘটনায় প্রায় ১০ লাখ টাকা নগদ, স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র লুট হয়। কমলনগর থানা ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, ডাকাতির ঘটনার খবর জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে; তদন্ত চলছে। তবে ভুক্তভোগীদের কোন লিখিত অভিযোগ এখনো পাইনি।