খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে চারুকলার শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের নির্দেশে বুধবার (৬ মার্চ) ওই শিক্ষককে বরখাস্ত করা হয়। একইসাথে বিদ্যালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, গত বৃহস্পতিবার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বাথরুমে গেলে শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। অন্য ক্লাসের দুই ছাত্রী বিষয়টি দেখে এগিয়ে গেলে শিক্ষক ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে তারা বিষয়টি অভিভাবক ও অন্য শিক্ষার্থীদের জানায়। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে গত সোমবার অভিযুক্ত শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে শোকজ করা হয়।
এদিকে নানামুখী চাপে মঙ্গলবার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন ওই ছাত্রীর অভিভাবক। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই বলে লিখিতভাবে জানান তারা। তবে বিষয়টি নিয়ে অন্য অভিভাবকরা ক্ষুদ্ধ হলে এবং তাদের চাপে পরে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হয়।
কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান জানান, বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে সাময়িক বারখাস্ত করার নির্দেশ দেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মূল ঘটনা খুঁজে বের করার নির্দেশও দিয়েছেন। বুধবার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।