গাজীপুরে গহীন বনে মিলল মানুষের মাথার খুলি, হাড়গোড়

গাজীপুরের শ্রীপুরে গহীন বনের ভেতরে কাপড়ে মোড়ানো মানুষের মাথার খুলি ও হাড়গোড় মিলেছে। স্থানীয় এক নারী বনে কাঠ কুড়াতে গিয়ে কাপড়ে মোড়ানো কিছু দেখে স্থানীয়দের খবর দিলে তারা মানুষের মাথার খুলি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ হাড় ও মাথার খুলি উদ্ধার কারে।

আজ বুধবার দুপুরে গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের উচারভিটা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ বলছে- উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড় ফরেনসিক পরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন নারী দুপুরে গজারি বনের ভেতর কাঠ কুড়াতে গিয়ে কাপড়ে মোড়ানো কিছু দেখেন। পরে তারা আশপাশের মানুষদের খবর দিলে তারা তা খুলে মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান। একটি লুঙ্গি পাঞ্জাবি মোড়ানো ছিল হাড়গোড়গুলো। পরে পুলিশ খবর পেয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক আহমেদ বলেন, দুপুরের দিকে বনের ভেতর মানুষের শরীরের হাড় ও মাথার খুলি দেখে পুলিশে খবর দেওয়া হয়। এসব জঙ্গলে খুব নিরবিলি পরিবেশ। মানুষের চলাফেরা একেবারে কম। সে সুযোগে নানা অপরাধী চক্র এখান দিয়ে চলাচল করে।

শ্রীপুর মডেল থানার এসআই সাদিকুর রহমান জানান, স্থানীয়রা কাপড়ে মোড়ানো মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখে পুলিশে খবর দেয়। এগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।