পুলিশি নির্যাতনের শিকার সেই মোস্তাকিমের রিভিশন গ্রহণ আদালতের

পুলিশি নির্যাতনের শিকার সেই মোস্তাকিমের মামলা খারিজ আদেশের বিরুদ্ধে বুধবার (৬ মার্চ) রিভিশন গ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা।

গত বছরের ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হন মোস্তাকিম। পরে তাকে থানায় নিয়ে পাঁচলাইশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীনসহ কিছু পুলিশ সদস্য তার ওপর অমানুষিক নির্যাতন চালান। এ ঘটনায় করা মামলা সম্প্রতি নিম্ন আদালত খারিজ করে দেন।

মামলাটি তত্ত্বাবধানকারী সিনিয়র আইনজীবী জিয়া হাবিব আহসান জানান, পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে করা মোস্তাকিমের মামলার ফৌজদারি রিভিশন গ্রহণ করে প্রতিপক্ষের সবার প্রতি নোটিশ জারি এবং মূল নথি তলব করেছেন। আগামী ২০ মার্চ মূল নথিসহ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

এর আগে মোস্তাকিমের করা মামলা তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটি আদালত খারিজ করে দিলে এই আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন মামলা দায়ের করেন মোস্তাকিমের আইনজীবীরা।

গত বছরের ১০ জানুয়ারি ডায়ালাইসিস ফি বৃদ্ধি ও সরকারি ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কে রোগী ও স্বজনদের বিক্ষোভ সমাবেশে চড়াও হয় পুলিশ।

এ সময় পাঁচলাইশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে বিক্ষোভ দমনসহ মোস্তাকিমকে গ্রেপ্তার করে। থানায় নিয়ে মোস্তাকিমকে বেধড়ক মারধর ও নির্যাতন করে পুলিশ। পরে মোস্তাকিমসহ অজ্ঞাত ৫০-৬০ জন রোগীর স্বজনকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে পুলিশ। পাঁচ দিন পর আদালত থেকে জামিনে মুক্তি পান মোস্তাকিম।

গত বছরের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালতে হেফাজতে নির্যাতন আইনে পাঁচলাইশ থানার সাবেক ওসি নাজিম উদ্দীনসহ কিছু পুলিশ কর্তাদের আসামি করে মামলা করেন মোস্তাকিম।