সৌদিতে নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে ৫ প্রবাসীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের এক প্রতিষ্ঠানে সুদানি নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে পাঁচ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে কর্তৃপক্ষ। তদন্তের পর ওই পাঁচজনকে আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন। মঙ্গলবার (০৫ মার্চ) দেশটির মক্কা নগরীতে দণ্ডিতদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

গালফ নিউজ জানিয়েছে, গত জানুয়ারিতে নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মোটিভ জানা যায়নি। তবে দণ্ডিতদের মধ্যে চারজন ইথিওপীয় নাগরিক।

সৌদিতে হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ডিসেম্বরে আর্থিক বিরোধের জের ধরে মুখে কীটনাশক স্প্রে করে এক ভারতীয় নাগরিককে হত্যার দায়ে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।