সান্তাহারে ট্রেন থেকে ১ কেজি হেরোইন উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধারের দাবি করেছে বিজিবি। গতকাল বুধবার দুপুরে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফরমে দাঁড়িয়ে থাকা খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের একটি বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করে নওগাঁর ১৬-বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি ১৬-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে রূপসা ট্রেনের একটি বগি থেকে ১ কেজি ৮ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে ওই ব্যাগে পাওয়া যায় এসব হেরোইন।

অভিযানের সময় সান্তাহার রেলওয়ে থানা, সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।