পরিবেশ ও বনমন্ত্রী বললেন

দেশে ৫৬ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে

দেশে ৩৩৪টি প্রজাতির বন্যপ্রাণীর বিপন্নের আশঙ্কায় আছে বলে জানিয়েছেন বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের দেশের প্রকৃতি থেকে ৩১টি প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। আগামীতে আরও ৫৬টি প্রজাতির বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে আছে। আমরা চাই না আমাদের দেশে আর কোনো প্রজাতি বিপন্ন হোক।’

গতকাল বুধবার বন অধিদপ্তরে ‘মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন’ সেøাগানে বিশ^ বন্যপ্রাণী দিবস  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ২৫ শতাংশ বনায়ন থাকতে হয়, কিন্তু বাংলাদেশ এ দিক থেকে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, এখানে অনেক চ্যালেঞ্জ আছে। তবে আমাদের যতটুকু আছে বনায়ন তা রক্ষায় কাজ করতে হবে।’

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ;  অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন। আলোচনা করেন ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রধান নির্বাহী, ওয়াইল্ড টিম এবং মুকিত মজুমদার বাবু চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।