ভিনি ও ভাগ্যের জোড়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ

যোগ করা সময়ের খেলা চলছে। দুর্ভাগ্যের ফেরে লাইপজিগের দানি ওলমোর বুক দিয়ে বল নামিয়ে নেওয়া শট লাগলো ক্রসবারে। সেটি গোল হলে ফলাফল অন্যরকমও হতে পারতো। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ ও লাইপজিগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। তাতে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে রিয়াল।

শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের মাঠে ১-০ গোলে জিতেছিল রিয়াল। ওই জয়ের পর মাঠে সময়টা ভালো কাটেনি তাদের; এই সময়ে ঘরোয়া লিগে তিন ম্যাচ খেলে জিততে পারে কেবল একটি।

চ্যাম্পিয়নস লিগে চলতি আসরে টানা সাত জয়ের পর এই প্রথম হোঁচট খেল স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচে গোলের উদ্দেশ্যে ১১টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে কার্লো আনচেলত্তির দল। যেখানে লাইপজিগ নেয় ২০ শট, লক্ষ্যে ছিল চারটি।

ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই বিপদে পড়তে বসেছিল রিয়াল। প্রতিপক্ষের আক্রমণ রুখতে পোস্ট ছেড়ে বেরিয়ে যান লুনিন, কিন্তু প্রথম চেষ্টায় বল তো ধরতেই পারেননি, উল্টো বেরিয়ে যান বক্সের বাইরে। ভাগ্য ভালো, ওপেনদা পারেননি বল নিয়ন্ত্রণে নিতে। দ্বিতীয় প্রচেষ্টায় দলকে বিপদমুক্ত করেন লুনিন।

৬৫ মিনিটে জুড বেলিংহ্যামের বক্সে বাড়ানো বল ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে জালে পাঠান ভিনিসিউস জুনিয়র। দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে গোল হজম করে মরিয়া হয়ে ওঠে লাইপজিগ। চালাতে থাকে একের পর এক আক্রমণ। তিন মিনিট পরেই সমতায় ফেরে জার্মান দলটি। সতীর্থের ক্রসে দারুণ হেডে ম্যাচের স্কোরলাইন ১-১ করেন লাইপজিগ ডিফেন্ডার অরবান।