অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় সাংবাদিক হত্যা ও সংবাদপত্রের স্বাধীনতার অভাবে উদ্বেগ জানিয়ে ২৫ জন মার্কিন কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছেন।
কংগ্রেসম্যানরা বলেন, গাজার এই অঞ্চলে সংবাদপত্রের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এই যুদ্ধে এক বছরে যত সাংবাদিক নিহত হয়েছে তার চেয়ে বেশি নিহত হয়েছে গত তিন মাসে।
তারা বলেন, গাজায় সাংবাদিক হত্যার বিষয়ে আমরা উদ্বিগ্ন যে গাজার বেসামরিক জনগণের জীবন রক্ষা এবং সাংবাদিকদের জীবন রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয় হয়নি। ইসরায়েলের অতি ডানপন্থী সরকার ফিলিস্তিনিদের গণহত্যা এবং জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। অনাকাংক্ষিত যুদ্ধটিতে উদ্বেগজনকহারে নির্দোষ সাংবাদিকদের জীবন দিতে হচ্ছে। সাংবাদিকদের নির্বিচারে ইসরায়েলি বাহিনী হত্যা করছে। বাইডেন প্রশাসন ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রতি অন্ধ।
চিঠিটি এসেছে যুক্তরাজ্যভিত্তিক ৫০ জনের বেশি সাংবাদিক যখন ইসরায়েল এবং মিশরীয় দূতাবাসে একটি খোলা চিঠি পাঠিয়েছেন তখন। চিঠিতে গাজায় বিদেশি সাংবাদিকদের অবাধ ও নিরবচ্ছিন্ন প্রবেশ করার সুযোগ দিতে আহ্বান জানানো হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) ব্লিংকেনকে পাঠানো চিঠিকে স্বাগত জানিয়েছে।
এই চিঠির নেতৃত্বে রয়েছেন কংগ্রেসম্যান গেরি কনোলি, জান শাকোস্কি এবং কংগ্রেসের অন্যান্য ২৩ জন সদস্য।