এডেন উপসাগরে জাহাজে হুতির হামলা, নিহত তিন নাবিক

এডেন উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ইরান সমর্থিত ইয়েমেনভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নাবিক নিহত হয়েছে। এই হামলায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বুধবার ‘ট্রু কনফিডেন্সে’ নামের লাইবেরিয়ার মালিকানাধীন জাহাজটিতে হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। ইয়েমেনের এডেন বন্দরের উপকূল থেকে প্রায় ৯৩ কিলোমিটার দূরে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, সমুদ্রপথে হুতি গোষ্ঠীর হামলা শুরর পর থেকে এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটল।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে যে, ‘ট্রু কনফিডেন্স জাহাজে হুতির হামলায় তিনজন নাবিক নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতফের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজে আগুন লাগায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে’।

বিবৃতিতে আরও বলা হয়, "হুতি গোষ্ঠীর এই বেপরোয়া আক্রমণের কারণে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং জাহাজগুলোর আন্তর্জাতিক নাবিকদের প্রাণহানি হয়েছে যারা ওপর বিশ্বব্যাপী মানুষের সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’।

হামলার পরপর বুধবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এজেন্সি বলেছিল যে জাহাজটি থেকে নাবিকরা চলে গেছে।

তবে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি তথ্য অনুসারে, একটি মার্কিন যুদ্ধজাহাজ এবং ভারতীয় নৌবাহিনী ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত জাহাজটির কাছে ছিল, উদ্ধার কাজে সহায়তা করার চেষ্টা করছিল তারা। তবে তখন জাহাজে কতজন ক্রু সদস্য ছিল তা স্পষ্ট জানা যায়নি।

এদিকে সমুদ্রপথে জাহাজে ক্রমাগত হামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে সব ধরনের আক্রমণ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক।