নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি, প্রার্থিতা নিশ্চিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি। এতে রিপাবলিকান পার্টি থেকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হচ্ছে।

‘সুপার টুয়েসডেতে’ অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির দলীয় প্রার্থী বাছাইয়ে (প্রাইমারিতে) ১৪টিতে জয় পেয়েছেন ট্রাম্প। আর শুধুমাত্র ভারমন্ট অঙ্গরাজ্যে জয় পেয়েছেন নিকি হ্যালি। খবর আল জাজিরা।

রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে থাকা এক ডজন প্রার্থীর মধ্যে হ্যালি ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী ছিলেন, তবে তিনিও সরে দাঁড়ালেন।

স্থানীয় সময় বুধবার সকালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন হ্যালি। সে সময় ট্রাম্পকে অভিনন্দনও জানিয়ে তিনি বলেন, যারা ট্রাম্পকে সমর্থন করেননি, তাদের ভোট তাকে অর্জন করে নিতে হবে।

তবে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানাননি নিকি হ্যালি।

হ্যালির একজন উপদেষ্টা বলেন, যদিও সুপার টুয়েসডেতে হ্যালির টিম ভারমন্টে জয় পেয়েছে এবং ভার্জিনিয়ার শহরতলিতে শক্ত সমর্থন দেখাতে পেরেছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে যে পরিমাণ ভোট পাওয়া দরকার, তা পাওয়া যায়নি।

নিকির সরে যাওয়ার ফলে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত বলা যাচ্ছে। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে থাকছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ছিলেন। এছাড়া জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন তিনি।