সব মামলায় জামিন পেলেন বিএনপি নেতা ঢালী, মুক্তিতে বাধা নেই

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে ঢালীর বিরুদ্ধে করা ৯ মামলায় তিনি জামিন পেয়েছেন। তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বুধবার (৬ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে রমনা থানার তিনটি ও পল্টন থানার দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

 জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তিনি বলেন, গত বছরের ২৮ অক্টোবরের ঘটনায় আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে মোট ৯টি মামলা করা হয়। আজ এক মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার পাঁচ মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে তিনি নিম্ন আদালত থেকে দুটি ও উচ্চ আদালত থেকে একটি মামলায় জামিন পান। সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই। আশা করা হচ্ছে, শুক্রবার তিনি কারামুক্ত হবেন।

গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আতাউর রহমান ঢালীকে গ্রেফতার করা হয়। গত ২৬ নভেম্বর তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন ঢালীর আইনজীবীরা। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।