সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে এ বছর রমজানে তারাবি, বিতর ও তাহাজ্জুদ পড়াবেন চার ইমাম। ইমামদের সঙ্গে রমজানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।
গত সোমবার (৪ মার্চ) ইমামদের সঙ্গে বৈঠক শেষে তাদের নাম প্রকাশ করে মসজিদ পরিচালনা পরিষদ। একই সঙ্গে রমজানবিষয়ক কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
মসজিদে হারামে খতম তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত ৪ ইমাম হলেন- শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ মাহের মুআইকিলি এবং শায়খ বান্দার বালিলা।
প্রকাশিত রমজানবিষয়ক কর্মপরিকল্পনায় দেখা গেছে, প্রতিদিন দুজন করে ইমাম তারাবির ২০ রাকাত নামাজ পড়াবেন। তাঁরা রমজানের শেষ ১০ দিন তাহাজ্জুদ ও বিতরের নামাজ পড়াবেন।
গত দুই বছরে পবিত্র এই মসজিদের ইমামতির পদ থেকে অব্যাহতি নেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল-দাওসারি ও শায়খ ড. সুউদ বিন ইবরাহিম আল-শুরাইম।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ পবিত্র রমজান শুরু হবে। এ মাসে বিশ্বের অসংখ্য মুসলিম ওমরাহ পালন করে। গত বছর এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করে। তারা পুরো রমজান মাস ইবাদত-বন্দেগিতে কাটান।
রমজানে মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ, ভেতরে ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জরুরি বর্জ্য অপসারণসহ নানা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে মক্কা নগর কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম গঠন করা হয়েছে।
সূত্র : হারামাইন ওয়েবসাইট