বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় উদযাপন হয়েছে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত সোমবার এসব অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনরা অতিথি হিসেবে থেকে দেশ রূপান্তরকে শুভকামনা জানান। এ সময় বক্তারা বলেন, স্বল্পসময়ে দেশ রূপান্তর পাঠকের কাছে তার বিশ^াসযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের পাঠক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সংবাদপত্রের এজেন্ট-হকার ও শুভানুধ্যায়ীরা। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
বরগুনা : শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এর আগে এদিন সকালে বরগুনার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিকেলে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। জেলা প্রতিনিধি সুমন সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ : গত সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় জেলা প্রতিনিধি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিলু, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং একটি র্যালি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জামালপুর : গত সোমবার রাতে প্রেস ক্লাব জামালপুরে আলোচনা সভা হয়। প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজিজুর রহমান ডলের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ময়না আকন্দ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের একটি রেস্তোরাঁয় গত সোমবার বিকেলে আলোচনা সভা ও কেক কেটে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সোহেল রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন র্যাব-১১-এর এএসপি সনদ বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার ইসলাম প্রমুখ।
বারদী (সোনারগাঁ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার সকালে ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য নাজমুল হকের কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জহিরুল হক।