মেট্রোরেলে ঘোষণা 'পকেট মার হতে সাবধান'!

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যান্ত্রিক শহর ঢাকায় বাড়ছে গণপরিবহন। সেইসঙ্গে বাড়ছে গণপরিবহনে পকেটমারদের সংখ্যা। যেসব গণপরিবহনে অতিরিক্ত ভিড় হয়, সেগুলোকেই পকেটমাররা টার্গেট করে থাকে; আর ভিড়ের সুযোগে নিরীহ যাত্রীদের পকেট থেকে কৌশলে নিয়ে নেয় মোবাইল ফোন ও ম্যানিব্যাগ। ‘পকেট সাবধান’- এ কথাটা প্রায় সব গণপরিবহনেই লেখা থাকে। তবে মেট্রোরেলে সতর্কীকরণ এই বার্তাটি লেখা না থাকলেও সেখানের মাইকে মাঝে মধ্যেই ঘোষণা করা হয়- 'পকেট মার হতে সাবধান।'

নতুন অভিজ্ঞতা শিরোনামে ফেসবুকে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে মো. বেলায়েত হোসেন লিখেছেন, মেট্রোরেল চলাচলের সময় দিকনির্দেশনার জন্য কিছুক্ষণ পরপর নারী কণ্ঠের ভয়েস শোনা যায়। বাংলা ও ইংরেজিতে কিমিয়া অরিন নামে এক ভদ্রমহিলার কণ্ঠ প্রায় প্রতিদিন ওনার অভিজ্ঞতা হয়। 

তারপর তিনি লেখেন, কিন্তু আজ মেট্রোরেল ফার্মগেটে আসার পর নতুন একটি নির্দেশনা শুনতে পেলাম। মাইকে ভেসে এলো সেই মহান নির্দেশনা। এটি শুনে আমি যেমন আপ্লুত হয়েছি কর্তৃপক্ষের পেশাদারিত্বে মুগ্ধ হয়েছি। কিছুটা দুরুদুরু কণ্ঠে ঘোষণা হল 'পকেট মার হতে সাবধান -Beware of pick Pocketing.' 

এরপর তিনি প্রশ্ন রাখেন, পৃথিবীর আর কোন দেশে কি এই জাতীয় সতর্কবার্তা প্রচারিত হয়?

এখানে অনেকেই কমেন্ট করে তাদের মতামত দিচ্ছেন। আব্দুল্লাহ আল মারুফ লিখেছেন, রাইট! এইটা আমিও শুনেছি। ফার্মগেটেই এইটা দেয় মাঝে মাঝে। সবাই খুব হাসাহাসি করে।

মাহিনুর আক্তার লাইজু লিখেছেন, আমার পরিচিত একজনের চুরি হয়েছে। বেচারার সকল টাকাসহ কার্ড চুরি হওয়ায় এখন বিপদে আছে।

দেব জয় লিখেছেন,  ইতালিতে শুনেছি। ভারতের রাজস্থানে শুনেছি।

আমিন মো. নুরুল লিখেছেন, আস্টারডাম, স্কিপল এয়ারপোর্টে এটা প্রায়শই বলতে শুনেছি। বার্সিলোনার মেট্রোতে শুনেছি। যতটুকু মনে পরে প্যারিস মেট্রোতে শুনেছি - Be aware of pickpocket.

পকেটমারের শিকার হওয়া নিরীহ যাত্রীরা বিপাকে পড়লেও প্রতিনিয়ত ঘটে যাওয়া এসব ঘটনায় পকেটমারদের ধরা পড়া ও শাস্তির উদাহরণ খুবই কম। মূলত এ কারণেই পকেটমারদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা কাম্য। পাশাপাশি গণপরিবহনে চলাচলের সময় যাত্রীদেরও সজাগ ও সচেতন থাকতে হবে।