বিশ্ব নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

আজ বিশ্ব নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ দিবসটি পালিত হয়। দিবসটিকে গুরুত্ব দিয়ে নারীদের প্রতি সম্মান জানাতে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল।

গুগলের ক্রোম খুললেই আজ চোখে পড়বে ডুডলটি। নারীদের অবদানের ওপর জোর দিয়ে ডুডল আন্তর্জাতিক নারী দিবস এবং লিঙ্গ সমতার দিকে যে অগ্রগতি হয়েছে তা উদযাপন করেছে। ডুডলে ক্লিক করলে একটি পোস্ট পাবেন। যেখানে লেখা হয়েছে, আইডব্লিউডি বা জাতিসংঘ লিঙ্গ এবং জাতিগত মজুরির ব্যবধান, প্রজনন অধিকার এবং নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের মতো বিষয়গুলোতে বিশেষ নজর দেয়।

এবারের গুগল ডুডলটি তৈরি করেছেন শিল্পী সোফি দিয়াও। এ বিষয়ে দিয়াওর প্রত্যাশা, গুগল ডুডল বিভিন্ন প্রজন্মের মানুষের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য অনুপ্রাণিত করবে।

বিশ্ব নারী দিবস উদযাপনের ইতিহাস বেশি দিনের নয়, ১৯৭৫ সালের ৮ মার্চ জাতিসংঘ প্রথমবারের মতো দিবসটি উদযাপন করে। মূলত ৮ মার্চ নারী দিবসের প্রথম দিকের দুটি বিক্ষোভকে স্মরণ করে। একটি সেন্ট পিটার্সবার্গে এবং অন্যটি নিউ ইয়র্ক সিটিতে। বিভিন্ন বছর এবং স্থানে থাকাকালীন এই সমাবেশগুলোর সাধারণ লক্ষ্য ছিল ন্যায্য ও নিরাপদ কর্মসংস্থান, ভোটের অধিকার এবং সরকারি পদে থাকার অধিকারসহ লিঙ্গ সমতা অর্জন।