বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ৫০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে ক্রীড়াবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট স্পোর্টিকো। এ কাজে তাদের নিজের প্রাপ্ত তথ্যের পাশাপাশি নামী প্রতিষ্ঠান ফোর্বস ও স্পোর্টস ইলাস্ট্রেটেড এর তথ্যসমূহ বিশ্লেষণ করে সমন্বিতভাবে এ তালিকা প্রণয়ন করেছে প্রতিষ্ঠানটি।
মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে এ তালিকার মোট মূল্য ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে, যা আশ্চর্যজনক। তালিকায় ঠাই পেয়েছেন ৯টি ক্রীড়া ও ১৭টি দেশের ক্রীড়াবিদগণ। একমাত্র নারী হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।
এ তালিকার চূড়ায় আছেন বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্দান। মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে তার মোট অর্থ ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। তার পরেই স্থান গলফ এর কিংবদন্তি টাইগার উডস। ২.৬৬ বিলিয়ন ডলার আয় করেন তিনি।
ফুটবল বিশ্বের দুই নক্ষত্রের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো ১.৯২ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে আছেন তালিকার তিনে। একমাত্র আর্জেন্টাইন হিসেবে লিওনেল মেসিও আছেন তালিকায়। ১.৬৭ বিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে মার্কিন গলফার জ্যাক নিকলসের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে রয়েছেন তিনি।
৫০ জন ক্রীড়াবিদের মধ্যে ৩১ জনই যুক্তরাষ্ট্রের। এখনো খেলে যাচ্ছেন এমন ক্রীড়াবিদদের সংখ্যা এ তালিকার ৪০ শতাংশ।