গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাছের ডাল মাথায় পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর এলাকার বজির উদ্দীনের ছেলে ইসমাইল উদ্দীন (৩৫)। শুক্রবার (৮ মার্চ) দুপুরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে গাছ কাটা হচ্ছিল। এ সময় নেকমরদ থেকে রাণীশংকৈলের দিকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন পথচারী ইসমাইল উদ্দীন। এ সময় গাছের কাটা ডাল ইসমাইলের মাথায় অতর্কিতভাবে পড়ে গেলে গুরুতর আহত হন। গাছ কাটা অজ্ঞাত ব্যক্তিরা ঘটনার পর থেকে পালিয়ে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।