নারীদের নিয়ে যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি। আজকে আমার বোন বঙ্গবন্ধুর কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়েরা লাঞ্ছিত হয়, তার বিচার হয় না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন কৃষক শ্রমিক জনতা লী‌গের সভাপ‌তি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শুক্রবার (৮ মার্চ) বি‌কে‌লে টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে বঙ্গবীর এসব কথা ব‌লেন।

বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী ব‌লেন, নারীর ওড়না বা শাড়ির আঁচলে টাচ করা আমার কাছে হত্যার চেয়ে বড় অপরাধ। এটা আমার কথা, আবেগের কথা। অন্যেরা কিভাবে সেটি আমি জানি না।

সখীপু‌রে ইউপি চেয়ারম‌্যান কর্তৃক গৃহবধু আত‌্যাচা‌রের ঘটনা উল্লেখ করে তিনি ব‌লেন, ওই নারীকে অত্যাচারে জড়িত মুক্তা চেয়ারম্যানের পক্ষে ও বিষয়টি মিটমাট করতে যত আওয়ামী লীগের লোক আমার কাছে এসেছেন। গত ১৫-২০ বছরেও এত লোক আমার কাছে আসে নাই, ফোন করে নাই। চেয়ারম্যান হলেই কারও বুকে লাথি মারতে পারো, মেয়ের গায়ে হাত দিতে পারো সেটি মেনে নেয়া যায় না। 

বই উৎসব অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছি‌লেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহন আনছারী, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম শামিমুল আকতার শামিম, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ।