সাংবাদিক রানাকে কারাগারে পাঠানো কণ্ঠরোধ করার সামিল

দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা-প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন খুলনার সাংবাদিক নেতারা। তারা মনে করেন সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য এটি একটি গভীর চক্রান্ত। রানার নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অনতিবিলম্বে রানার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়ন মনে করে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য এটি একটি গভীর চক্রান্ত। সরকারের কাছে অবিলম্বে এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ অবিলম্বে রানার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি বলেন, সাংবাদিককে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেল হাজতে পাঠানো সাংবাদিকদের কণ্ঠরোধ করার সামিল। সরকার অবাধ তথ্য প্রচারের জন্য তথ্য অধিকার আইন করেছে। একজন সাংবাদিক হিসেবে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চাইতেই পারে। তথ্য না দিয়ে উল্টো সাংবাদিককে জেল পাঠানো হলো। এটা কোনোভাবেই কাম্য নয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার নকলা উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ (ভূমি) সাংবাদিক শফিউজ্জামান রানাকে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠান।