নেত্রকোণার কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কামরুজ্জামান খন্দকার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
আজ শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাউসাম বাজারে একটি বেকারীর সামনে এ ঘটনা ঘটে। আহত রাব্বির অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত কামরুজ্জামান উপজেলার বাউসম গ্রামের মৃত আবু সিদ্দিক খন্দকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে কামরুজ্জামানের গ্রুপের লোকজনের হাতে আবুল মিয়া গ্রুপে একজন নিহত হন। এরই ধারাবাহিকতায় উপজেলার জয়নগর গ্রামের আবুল মিয়ার সাথে বাউসাম গ্রামের কামরুজ্জামানের গ্রুপের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যায় কামরুজ্জামান বাউসাম বাজারে গেলে আবুল মিঞা তার লোকজন নিয়ে কামরুজ্জামানের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় কামরুজ্জামানকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাব্বির অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক জানান, বাউসাম বাজারে প্রতিপক্ষের শুক্রবার রাতে কামরুজ্জামান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে এলাকা পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মরদেহের সুরতহালের রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।