গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও এলাকায় এক আওয়ামী লীগ নেতার জমি জবরদখলের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের তরগাঁও পালকি কমিউনিটি সেন্টারের সামনে গতকাল শুক্রবার সকালে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উপজেলার তরগাঁও গ্রামের মো. গিয়াসউদ্দিন ব্যাপারীর ছেলে মাসুদ রানা (৫২) জানান, তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তরগাঁও গ্রামের মৃত সাজেদুল করিমের ছেলে নাজমুল করিম বেশ কয়েক বছর আগে ‘রূপনগর পালকি কমিউনিটি সেন্টার’ নামে একটি বিনোদন পার্ক গড়ে তুলেন। এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের এলাকার প্রায় ১৫টি নিরীহ মানুষের জমি দখল করে নিচ্ছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই পার্কে নিযুক্ত নিজস্ব বাহিনী দ্বারা তাদের ওপর আক্রমণ চালায় এবং মামলা দিয়ে থানা পুলিশের মাধ্যমে হয়রানি করে।
একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. হেলালউদ্দিন জানান, পার্কের ভেতরে তার প্রায় ৮ শতাংশ জমি পাঁচ লাখ টাকায় কিনে নেওয়ার কথা বলে সে দলীল করে একটি টাকাও পরিশোধ করেনি।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাজমুল করিম জানান, তিনি কারওর জমি জবর দখল করেননি। সবগুলো জমিই তার নিজের। অভিযোগগুলো ভিত্তিহীন।
কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, নাজমুল করিমের জমি জবর দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।