সাংবাদিককে আ.লীগ নেতার হুমকির ঘটনায় জিডি

ইভটিজিংয়ের নিউজ করায় একুশে টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন মির্জা ও তার পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিনসহ (লালবাবু) তার সহযোগীরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নিরাপত্তা চেয়ে সাংবাদিক স্বপন মির্জা এনায়েতপুর থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক। 

এ বিষয়ে স্বপন মির্জা বলেন, চাচাতো বোন স্কুলছাত্রীকে বখাটেরা ইভটিজিং করার প্রতিবাদ ও নিউজ করায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিনসহ (লালবাবু) তার সহযোগীরা বৃহস্পতিবার দুপুরে এক মিটিংয়ে প্রকাশ্যে আমাকে ও আমার পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দেন। পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

তবে আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) বলেন, ওইদিন মিটিংয়ে তার দ্বারা সংঘটিত এলাকায় নানা অপকর্মের প্রতিবাদ জানানো হয়েছে। তাকে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়নি।