মৌলভীবাজারে জুড়ীতে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার (৮ মার্চ) বিকেলে উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আপ্তাব আলী, সাইফুল আলম, সাইফুদ্দিন খুশমান, ডা. শাহজাহান, এম রউফ, মনিরুল ইসলাম, জহির উদ্দিন শামীম, সিরাজ আলী, হাবিবুর রহমান হাবিব, জাহিদ হাসান জমির, সোহেল আহমদ, মনিরুল ইসলাম, প্রবাসী নাসির উদ্দিন, আজিজুর রহমান, আছাদ উদ্দিন, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সেলিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার সারাদেশের মতো জুড়ী উপজেলায়ও মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। নির্মাণের জন্য উপজেলা কমপ্লেক্সের পাশে পরিমাণে জায়গা থাকার পরও মুসল্লিদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে একটি কুচক্রী মহল ব্যবসায়ীক ফায়দা লোটার জন্য উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরবর্তী এলাকায় মডেল মসজিদ নির্মাণের পায়তারা করছে। এ সময় তারা অবিলম্বে উপজেলা সদরের পাশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
মানববন্ধন চলাকালে সাবেক পরিবেশমন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন সরকারি অনুষ্ঠানে একটি যাওয়ার সময় মানববন্ধনে উপস্থিত মুসল্লিরা তাকে আটকিয়ে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবি জানালে তিনি তা বাস্তবায়নে সবাইকে আশ্বস্ত করেন।