পালিয়ে আসা মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে ভারত

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর পাশ্বর্বর্তী দেশ ভারতে পালিয়ে আসা মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো শুরু করেছে ভারত সরকার।

স্থানীয় সময় শুক্রবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে প্রথম দফায় বেশ কয়েকজনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খবর রয়টার্স।

শুক্রবার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

পোস্টে তিনি বলেন, মিয়ানমারের যেসব নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, আজ (শুক্রবার) প্রথম দফায় তাদের কয়েকজনকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

রয়টার্স জানায়, মণিপুর রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে শুরু করে কমপক্ষে ৭৭ শরণার্থীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ফেরত পাঠানো নাগরিকদের প্রথম দলটি ভারতের সীমান্ত শহর মোরেহ পৌঁছেছে এবং সম্ভবত শনিবার তাদের হস্তান্তর করা হবে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি’র দলকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জেনারেল মিন অং হ্লাইং নেতৃত্বাধীন সামরিক জান্তা। এরপর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় জোরালো হতে থাকে জান্তাবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ।

মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গ্রুপের সঙ্গে সীমান্তবর্তী প্রদেশে সামরিক সরকারের লড়াই এখন তুঙ্গে। বিদ্রোহীদের হামলায় শান ও রাখাইন প্রদেশে কোণঠাসা হয়ে পড়েছে সামরিক জান্তা। এমনকি রাখাইনে আরাকান আর্মি শক্তি বাড়িয়ে বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে।

সংঘাতের আঁচ থেকে সীমান্তবর্তী চার রাজ্যকে মুক্ত রাখতে গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার থেকে তার বাস্তবায়ন শুরু হলো।